শরীয়তপুরের নড়িয়া উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামী সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ১০ জনকে আটক করেছে।
সোমবার (২৩ মার্চ) ভোর ৬টা থেকে সকাল ১১টা পর্যন্ত উপজেলার রাজনগর ইউনিয়নের তালতলা দরবেশকান্দি গ্রামে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোটার স্লিপে নামের ভুল নিয়ে প্রথমে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়, যা পরে হাতাহাতিতে গড়ায়। ওই ঘটনার জের ধরে এলাকায় দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় সোমবার ভোরে আবারও দুই পক্ষ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও হাতবোমা ব্যবহার করে। এতে অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে চারজনকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, আর অন্যরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয় পক্ষের ১০ জনকে আটক করা হয়েছে। গ্রেপ্তারের ভয়ে অনেকেই এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় গ্রামটি প্রায় পুরুষশূন্য হয়ে পড়েছে।
এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আটক ১০ জনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন...
ঈদে চ্যানেল আই: ৭ সিনেমা, ১৩ টেলিফিল্ম ও ১৬ নাটকের বিশেষ আয়োজন
