পাবনায় ডিসি‌‌ অফিস ঘেরাও করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ বিএনপির নেতাকর্মীদের



পাবনা–৩ ও পাবনা–৪ আসনে ভোট পুনঃগণনার দাবিতে বিএনপির নেতাকর্মীরা পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন।

শুক্রবার বিকেল ৪টার দিকে পাবনা–৩ ও পাবনা–৪ আসনের বিএনপির নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হয়ে ভোট পুনরায় গণনার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। প্রধান ফটক বন্ধ করে কার্যালয়ের সামনে পুলিশ, বিজিবি এবং অতিরিক্ত সেনা সদস্য মোতায়েন করা হয়।

বিকেল ৫টার দিকে জেলা প্রশাসক সেনাবাহিনীর নিরাপত্তায় কার্যালয়ে প্রবেশ করেন। পরে পাবনা–৩ আসনের বিএনপির পরাজিত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং পাবনা–৪ আসনের পরাজিত প্রার্থী হাবিবুর রহমান হাবিবসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকে বসেন।

প্রায় এক ঘণ্টা বৈঠক শেষে বিএনপি নেতারা তাদের কর্মীদের নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে সরে যান। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আলিম জানান, পরাজিত দুই প্রার্থীর আবেদনপত্র প্রধান নির্বাচন কমিশনারের কাছে পাঠানো হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, পাবনা–৩ আসনে জামায়াতের মাওলানা আলী আজগার তিন হাজার ২৬৯ ভোটের ব্যবধানে বিজয়ী হন। তিনি এক লাখ ৪৭ হাজার ৪৭৫ ভোট পান, আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাসান জাফির তুহিন পান এক লাখ ৪৪ হাজার ২০৬ ভোট।

অন্যদিকে, পাবনা–৪ আসনে জামায়াতের আবু তালেব মণ্ডল তিন হাজার ৮০১ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তিনি এক লাখ ৩৭ হাজার ৬৭৫ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাবিবুর রহমান হাবিব পেয়েছেন এক লাখ ৩৩ হাজার ৮৭৪ ভোট।


Post a Comment (0)
Previous Post Next Post

Facebook