ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা বর্তমানে দারুণ সময় পার করছেন। গত বছরের শেষ দিক থেকে টানা দুটি সফল সিনেমা উপহার দেওয়ার পর এবার তিনি হাজির হয়েছেন হরর-কমেডি ঘরানার নতুন ছবি ‘থাম্মা’ নিয়ে। আদিত্য সরপতদার পরিচালিত এই সিনেমায় রাশমিকার বিপরীতে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা। দীপাবলি উপলক্ষে ২১ অক্টোবর মুক্তি পাওয়া এই সিনেমাটি ইতিমধ্যেই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে।
মুক্তির আগেই আলোচনায় আসে ছবিটির গান ‘পয়জন বেবি’। এ গানের মাধ্যমে দীর্ঘদিন পর পর্দায় ফিরেছেন মালাইকা আরোরা। গানটিতে রাশমিকা ও মালাইকার নাচে মুগ্ধ দর্শকরা। এছাড়া ‘তুম মেরে না হুয়ে’ গানে রাশমিকা ও আয়ুষ্মানের রোমান্টিক রসায়ন দর্শকদের দৃষ্টি কেড়েছে, ফলে মুক্তির আগেই ‘থাম্মা’ হয়ে ওঠে আলোচিত ছবি।
চলতি বছরে হিন্দি ভাষার মোট ৩৭টি সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে প্রথম দিনের আয়ের দিক থেকে ‘থাম্মা’ রয়েছে চতুর্থ স্থানে। শীর্ষে আছে ‘ছাবা’ (২৯ কোটি রুপি), দ্বিতীয় ‘ওয়ার টু’ (২৮ কোটি), তৃতীয় ‘সিকান্দার’ (২৫ কোটি)।
স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির ১৩ দিনে ‘থাম্মা’ শুধুমাত্র ভারতে আয় করেছে ১৩৮.৫ কোটি রুপি (গ্রস)। বিদেশে আয় হয়েছে ২২.৫ কোটি রুপি, ফলে বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ১৬১ কোটি রুপি—যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২২ কোটি ৩৬ লাখ টাকা।
‘থাম্মা’ হচ্ছে ম্যাডক ফিল্মসের হরর-কমেডি ইউনিভার্সের নতুন সংযোজন। ছবিটির নির্মাণ ব্যয় প্রায় ১৪০ কোটি রুপি। ইউ/এ ১৬+ রেটিংসহ অনুমোদিত এই সিনেমার দৈর্ঘ্য ২ ঘণ্টা ২৯ মিনিট ৫৯ সেকেন্ড।
সিনেমাটির গল্প নিয়ে আয়ুষ্মান খুরানা বলেন,
“এ সিনেমা সরাসরি ভারতীয় পুরাণ ও কিংবদন্তি থেকে অনুপ্রাণিত। আমরা প্রায়ই পশ্চিমা ধারণার দিকে তাকাই, কিন্তু অনেক ধারণার শিকড় আমাদের সংস্কৃতিতেই রয়েছে। এটি পশ্চিমা ধারার আগেই আমাদের সমাজে বিদ্যমান।”
তিনি আরও বলেন,
“এটি আমার প্রথম প্রকৃত ফ্যান্টাসি প্রজেক্ট। আমি এখানে অভিনয় করেছি এক বেতাল চরিত্রে—ভারতীয় লোককথার প্রেতাত্মা হিসেবে। কমেডি ও আবেগ এসেছে সাধারণ মানুষের অসাধারণ ক্ষমতার সঙ্গে মিলেমিশে যাওয়ার অভিজ্ঞতা থেকে। এটি হরর নয়, বরং কমেডি, রোমান্স ও অ্যাকশন মিশ্রিত একটি ফ্যান্টাসি সিনেমা।”
রাশমিকা মান্দানা ভ্যারাইটিকে বলেন,
“গল্পটি শোনার পর থেকেই আমি এই ইউনিভার্সের অংশ হতে আগ্রহী হয়ে উঠেছিলাম। সিনেমাটির প্রতিটি চরিত্রই ভারতীয় সংস্কৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত।”
রাশমিকা ও আয়ুষ্মানের পাশাপাশি সিনেমাটিতে আরও অভিনয় করেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী, পরেশ রাওয়াল, গীতা আগরওয়াল শর্মা এবং ফয়সাল মালিক। এছাড়া অতিথি চরিত্রে দেখা যাবে মালাইকা আরোরা, নোরা ফাতেহি, অমর কৌশিক, সত্যরাজ, বরুণ ধাওয়ান ও সুনীল কুমারকে।
