রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে থাকা সর্বশেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ বৃহস্পতিবার শেষ হয়েছে। এর ফলে অর্ধশতাব্দীরও বেশি সময় পর প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে বড় দুটি পারমাণবিক অস্ত্রভাণ্ডারের ওপর আর কোনো সীমা থাকল না।
নিউ স্টার্ট (New START) চুক্তির সমাপ্তি এমন একটি পরিস্থিতি তৈরি করতে পারে, যা অনেকের মতে নতুন ও নিয়ন্ত্রণহীন পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার পথ খুলে দিতে পারে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বছর জানিয়েছিলেন, ওয়াশিংটন সম্মত হলে তিনি আরও এক বছর চুক্তির সীমা বজায় রাখতে প্রস্তুত। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি নবায়নের বিষয়ে স্পষ্ট অবস্থান নেননি। তিনি চেয়েছেন, চীনেরও এই চুক্তির অংশ হওয়া উচিত—যা বেইজিং প্রত্যাখ্যান করেছে।
ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ জানান, বুধবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে পুতিন চুক্তির মেয়াদ শেষ হওয়া নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, প্রস্তাবিত সময়সীমা বাড়ানোর বিষয়ে ওয়াশিংটন কোনো জবাব দেয়নি।
উশাকভ আরও বলেন, রাশিয়া বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিশ্লেষণ করে “ভারসাম্যপূর্ণ ও দায়িত্বশীলভাবে” পদক্ষেপ নেবে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার রাতে এক বিবৃতিতে জানায়, “বর্তমান পরিস্থিতিতে আমরা ধরে নিচ্ছি যে নিউ স্টার্ট চুক্তির পক্ষগুলো আর কোনো বাধ্যবাধকতা বা সমান্তরাল ঘোষণার মধ্যে আবদ্ধ নয়, এবং ভবিষ্যৎ পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে তারা স্বাধীন।”
